স্তন ক্যান্সারের জিন আবিষ্কার, এবার কার্যকরভাবে নিরাময় করা যাবে রোগটি

বিডি নিউজ ৬৪: স্তন ক্যান্সারে প্রতি বছর বহু নারীকে মৃত্যুবরণ করতে হয়। এর কারণ বিভিন্ন ধরনের স্তন ক্যান্সারের মধ্যে কোনো কোনোটি চিকিৎসাতেও নিরাময় হয় না। তবে সম্প্রতি গবেষকরা স্তন ক্যান্সারের জন্য দায়ী জিন নির্ণয় করতে পেরেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
গবেষকরা এবার একধরনের স্তন ক্যান্সারের জন্য দায়ী জিন শনাক্ত করেছেন। এ জিন আবিষ্কারে দুরারোগ্য এ ক্যান্সারে আক্রান্তদের মাঝে নতুন আশার সঞ্চার হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রেস্ট ক্যান্সার রিসার্চ সিম্পোজিয়ামে স্তন ক্যান্সারের জিন আবিষ্কারের তথ্য উপস্থাপিত হয়েছে।
যুগান্তকারী এ আবিষ্কারের একাংশ সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা। তারা ১২২টি নমুনা থেকে ইএসআরআই জিন পৃথক করতে সক্ষম হয়েছেন। এ জিনটি একটি স্তন ক্যান্সারের জন্য দায়ী।
গবেষকরা জানান, তারা যেসব নমুনা নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে কয়েকটি ছিল স্তন টিউমার। অন্যদিকে কিছু ছিল দ্বিতীয় পর্যায়ের স্তন ক্যান্সার, যা মস্তিষ্কে পর্যন্ত ছড়িয়ে পড়ে। এছাড়া এগুলো দেহের হাড় ও রক্তেও ছড়িয়ে পড়ে।
জিন শনাক্ত করায় গবেষকদের এই সাফল্যের ফলে স্তন ক্যানসারের চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন জিনটিকে দমিয়ে রাখা এবং প্রাথমিক পর্যায়ে টিএনবিসি ধরা পড়ার পর স্তন অপসারণের মাধ্যমে রোগীর জীবন বাঁচানোর চেষ্টায় চিকিৎসাবিজ্ঞানীরা নতুন কৌশল প্রয়োগ করার সুযোগ পাবেন।
এ গবেষণাটি করেছেন ড. স্টেফি ওয়েসটেরিচ ও তার নেতৃত্বাধীন একদল গবেষক। ড. স্টেফি এ বিষয়ে বলেন, ‘ইএসআর১ জিন স্তন ক্যান্সার সারাদেহে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় এ জিনটির বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া চলমান রয়েছে। কী কারণে জিনটি দেহে ছড়িয়ে পড়ে এবং কেন স্বাভাবিক চিকিৎসায় কোনো কাজ হয় না তা অনুসন্ধান করা হচ্ছে।
গবেষকরা জানান, এ কাজে অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। স্তন ক্যান্সার কিভাবে দেহে বিস্তার লাভ করে বিষয়টি জানতে পারলেই এর নিরাময়ের উপায় পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *