বিডি নিউজ ৬৪: জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে তিন’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল নগদ টাকা ও গহনা নিয়ে দ্রুত পালিয়ে যায়। ডাকাত দলের হামলায় নারীসহ অন্তত ৫জন আহত হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) দিনগত রাতে চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- দেলোয়ার হোসেনের ছেলে রাশেদ উদ্দিন (২৬), মনসুর আহমদের স্ত্রী নূর জাহান বেগমসহ (৫৫) পাঁচ জন। আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, রাতে ২৫/৩০ জনের একদল ডাকাত চরকিংয়ের ৮নং ওয়ার্ডে প্রবেশ করে। এসময় তারা সুন্দি হাজী বাড়িতে প্রবেশ করে রাশেদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, একই সময় ডাকাতদল পাশ্ববর্তী আবু বক্কর সিদ্দিক ও মনসুর হুজুরের বাড়িতে ঢুকে নূর জাহান বেগমসহ অন্তত ৪জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ডাকাতদল ওই বাড়িগুলো থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ভরি স্বর্ণ, ৬টি গরু, ১টি ছাগল ও ২টি মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা ওই বাড়িগুলোতে ব্যাপক ভাঙচুর করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক জানান, চরকিং’এ ডাকাতির কোনো খবর তিনি পাননি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল