যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভিন্ন চিত্র: সাগরতীরে উদ্দাম নৃত্য

বিডি নিউজ ৬৪: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। একদিকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী, আরেকদিকে বিদ্রোহী বাহিনী আর সঙ্গে আইএস- এই ত্রিমুখী সংঘাতে বিপর্যস্ত সিরিয়া। ত্রিমুখী এই যুদ্ধের পাশাপাশি আছে মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলা। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে সিরিয়ার মানুষ।

গত বৃহস্পতিবারও সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় মারা গেছে ১৫ বেসামরিক নাগরিক। এমন ভয়ানক যুদ্ধের মধ্যে নিশ্চয়ই কেউ ভাবতেও পারে না, সিরিয়ার কোনো সমুদ্র সৈকতে সন্ধ্যালগ্নে উদ্দাম নৃত্যে মাতবে দেশটির তরুণ তরুণীরা! ভাবতে না পারলেও এমনটাই ঘটেছে সিরীয় উপকূলীয় শহর লাতাকিয়ার একটি সৈকতে। একটি পার্টিতে উদ্দাম নৃত্যে মেতেছে একদল তরুণ তরুণী।

সিরিয়ার যুদ্ধে সবচে ভয়ানক অবস্থার মুখোমুখি আলোপ্পো শহর। আর সেই আলেপ্পো থেকে মাত্র ১১০ মাইল দূরে লাতাকিয়া শহরের ওয়াদি কান্দিল সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, রঙ-বেরঙের পোশাক পরে অর্ধনগ্ন যুবক-যুবতীরা অংশ নিচ্ছে নাচে। দিনের শুরুতে শিশার নেশায় মেতেছিল তারা। সবাই মিলে একসঙ্গে সাঁতার কেটেছে সাগরে।

উল্লেখ্য, ২০১১ সালে আরব ভূখণ্ডে শুরু হওয়া আরব বসন্তের ঢেউয়ে জেগে উঠেছিল সিরিয়াবাসীও। সেই সময়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়। এখনো চলছে সেই যুদ্ধ। যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। গৃহহীন হয়েছে অগণিত সিরীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *