বিডি নিউজ ৬৪: রহস্যজনকভাবে ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো. খালেদ হাসান নিখোঁজ হয়েছেন।
রোববার (২৪ জুলাই) সকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় ঈদের জামায়াতে জঙ্গি হামলার পর ‘নিখোঁজ’দের ব্যাপারে সরব প্রশাসন। এরপর থেকেই একের পর এক মিলছে নিখোঁজদের খবর।
কিছুদিন আগেই সারাদেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। দেয়া হয়েছে বেশ কয়েকজনের ছবিসহ সবার বিস্তারিত পরিচয়। তালিকায় বেশিরভাগই কিশোর ও তরুণ। এদের অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া। ক’দিন আগেই এক চিকিৎসকেরও সপরিবারে নিখোঁজ হওয়ার খবর মেলে। এরই মধ্যে এবার ব্যবসায়ীর নিখোঁজের খবর এলো।
তবে এই ব্যাবসায়ীর নিখোঁজের ব্যাপারটা একটু রহস্যজনকই। তিনি নিখোঁজ হয়েছেন অফিসে যাওয়ার পথে। তাই তাকে কেউ অপহরণে করেছে বলেই সন্দেহ করছে পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী ডিবিসিসিআই সভাপতি খালেদের বাসা ধানমণ্ডির ৪/এ এলাকায়, বাসা নম্বর ৪৫। এ বাসা থেকেই বের হয়ে নিখোঁজ হন তিনি।
ওসি নূরে আজম জানান, শনিবার রাতে ধানমণ্ডির বাসা থেকে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার অফিস ৫২/১ নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের অষ্টম তলায়। এর পরই রাতে তার শ্যালক শরিফুল আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল