বিডি নিউজ ৬৪: জেলার বিভিন্ন উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যান শপথগ্রহণ করেছেন। চাঁদপুর সদর, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।
রোববার (২৪ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। একই দিন বিকেল ৩টায় ওইসব ইউপির নির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ স্ব-স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন-চাঁদপুর সদর উপজেলার মৈশাদীর মনিরুজ্জামান মানিক পাটোয়ারী ও রামপুরের আল মামুন পাটোয়ারী, মতলব উত্তর উপজেলার গজরার মো. হানিফ মিয়া, কলাকান্দার ছোবাহান মিয়া ও ফরাজিকান্দির দেলোয়ার হোসেন দানেশ এবং শাহরাস্তি উপজেলার টামটা উত্তরের মোহাম্মদ ওমর ফারুক, টামটা দক্ষিণের মোহাম্মদ জহিরুল আলম ভূইয়া, মেহের উত্তরের মো. মনির হোসেন ও মেহের দক্ষিণের সফি আহমেদ মিন্টু।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর জেলা আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘একটি ইউনিয়নে উন্নয়নের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা অনেক বেশি। তাই আপনারা উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কাজ করবেন। এছাড়া ইউনিয়নকে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, এবং নারী-শিশু নির্যাতন বন্ধে চেয়ারম্যানদের জোরালো ভূমিকা রাখতে হবে।’
তিনি আরো বলেন, আমাদের সবার সম্মিলিত চেষ্টা’ই পারে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে। আসুন, আমরা সম্মিলিতভাবে চাঁদপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল