যাদব-সামির তাণ্ডবে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

বিডি নিউজ ৬৪: প্রথম ইনিংসে ভারতের করা ৫৬৬ রানের জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের এ কি হাল? জবাবটা তো ভালোভাবে দিতে পারলই না, উল্টো মোহাম্মদ সামি ও উমেশ যাদবের বোলিং তাণ্ডবে ফলোঅনে পড়েছে স্বাগতিকরা। ইনিংস পরাজয় এড়াতে এখনও ৩০২ রান দরকার ক্যারিবিয়দের।

অ্যান্টিগুয়ার নর্থ সাউথে অবস্থিত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে দলের খাতায় ২১ রান যোগ করতেই নেই এক উইকেট। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন ক্রেইগ ব্রাথওয়েট (২)। ক্যারিবিয়দের অপরাজিত দুই ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা (৯) ও ড্যারেন ব্রাভো (১০)।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯০.২ ওভার খেললেও ২৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩০ রানের মাথায় রাজেন্দ্র চন্দ্রিকার (১৬) উইকেট হারানোর পর দ্বিতীয় দিন শেষে ৩১ রান জমা পড়েছিল জেসন হোল্ডারের দলের ঝুলিতে। তৃতীয় দিনে খেলতে নেমে যাদব-সামির বোলিংয়ে মোটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি তারা। ব্রাভো-স্যামুয়েলসরা একে একে পথ ধরেছেন সাজঘরে।

ওপেনার ব্রাথওয়েট দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন। ক্রিজে থাকাকালীন তিনি কতটা সংগ্রাম করেছেন তা বোঝা যায় বল মোকাবেলার সংখ্যা দেখলেই। এ রান করতে খেলেছেন ২১৮ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৭টি। ক্রিজে ছিলেন ২৯১ মিনিট। এতেও খুব একটা লাভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। টপঅর্ডার ও মিডলঅর্ডারের বাকি ব্যাটসম্যানটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

ড্যারেন ব্রাভো ১১ করার পর স্যামুয়েলস নামের পাশে যোগ করেছেন ১ রান। মোহাম্মদ সামির শিকার হওয়া জার্মেই ব্লাকউড তো রানের খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন। রস্টন চেসের ২৩ ও জেসন হোল্ডারের ৩৬ রান সামনে এগিয়ে যেতে কিছু আশা দেখিয়েছিল উইন্ডিজকে। শেন ডাওরিচ লড়াই করার চেষ্টা করেছিলেন। যোগ্য সঙ্গী না পাওয়া এই ক্রিকেটার অপরাজিত ছিলেন ৫৪ রানে।

ভারতের পক্ষে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন উমেশ যাদব। সমসংখ্যক উইকেট পকেটে পুরেছেন মোহাম্মদ সামিও। বাকি দুটি উইকেট দখলে নিয়েছেন অমিত মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *