পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত, তীব্র যানজট

 বিডি নিউজ ৬৪: পদ্মা-যমুনার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। ফেরি কম চলায় দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে ভোগান্তির মুখে পড়েছেন বাসযাত্রী নারী-শিশু এবং পরিবহন শ্রমিকরা।

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনসাধারণের যাতায়াতের অন্যতম পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এ পথে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসির ফেরি বহরে ১৮টি ছোট-বড় ফেরি রয়েছে। এর মধ্যে বর্তমানে চলাচল করছে ১৩টি ফেরি।  প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্রোতের বিপরীতে চলার শক্তি না থাকায় কর্তৃপক্ষ ৫টি ফেরি বন্ধ রেখেছে। এতে দুই তীরে কয়েক হাজার সাধারণ ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিটিসি সূত্র জানায়, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। আগে যেখানে একটি ফেরি ৩০ থেকে ৩৫ মিনিটে নদী পার হতে পারতো, সেখানে বর্তমান সময় লাগছে দেড় ঘণ্টা থেকে পৌনে দুই ঘণ্টা। ফলে ট্টিপ সংখ্যা অনেক কমে গেছে। স্রোতের মধ্যে চলতে গিয়ে পুরাতন ফেরিগুলোও বিকল হয়ে যাচ্ছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত শুধুমাত্র পাটুরিয়া ঘাটে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় ছিলো। আটকাপড়া এসব যানবাহনের যাত্রী, বিশেষ করে নারী-শিশুরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। শ্রাবনের দফায় দফায় বৃষ্টি তাদের ভোগান্তির মাত্রা আরো বাড়িয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় নদীতে পানি আরো বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্রোত বাড়ায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। দুই ঘাটে দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি।

এদিকে পরিস্থিতি সরেজমিন দেখতে শুক্রবার(২২ জুলাই) বিআইডব্লিউটিসি জেনারেল ম্যানেজার (কর্মাস) নুরুল আলম আকন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরির্দশন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *