বিডি নিউজ ৬৪: ২৯ আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ভারতের বিমানবাহিনীর (আইএএফ) উড়োজাহাজ উদ্ধারে জোর তৎপরতা চলছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌবাহিনীর ১৩টি জাহাজ সাগরে বিমানটির সন্ধানে কাজ করছে। আকাশ থেকেও চলছে পর্যবেক্ষণ।
এএন-৩২ বিমানটি শুক্রবার সকালে চেন্নাইয়ের তামবারাম বিমানঘাঁটি থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হওয়ার ১৫ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকে হারিয়ে যাওয়ার সময় সেটি চেন্নাইয়ের ২৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছিল বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
নিখোঁজ বিমানের সন্ধানে ভারতীয় বিমানবাহিনী ও উপকূলরক্ষীরা ঘটনার পর থেকেই ব্যাপক অনুসন্ধান শুরু করে। নৌবাহিনী বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠায়, যেগুলোতে অনুসন্ধানী বিমান রয়েছে। পর্যবেক্ষণকারী ছোট কয়েকটি বিমানও ওই অঞ্চলে তল্লাশি শুরু করেছে।
নিখোঁজ বিমান ও যাত্রীদের খোঁজে শুক্রবার রাতেও সমুদ্রজুড়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। শনিবার সকালে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার তামবারাম বিমানঘাঁটিতে যান, বিমানবাহিনীর কর্মকর্তারা তাকে উদ্ধার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
বিমানবাহিনীর এক কর্মকর্তা বলেন, নিখোঁজ বিমানটি খুব সম্ভবত ২৩ হাজার ফুট ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছিল। তবে কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আরোহীদের মধ্যে ছয়জন ক্রু, আটজন বেসামরিক নাগরিক, বিমানবাহিনীর ১১ সদস্য, সেনাবাহিনীর দুই সদস্য ও একজন উপকূলরক্ষী ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতের বিমানবাহিনীতে শতাধিক এএন-৩২ মডেলের উড়োজাহাজ রয়েছে। এ ধরনের উড়োজাহাজ একবার জ্বালানি নিয়ে টানা চার ঘণ্টা উড়তে পারে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল