নারায়ণগঞ্জে পুলিশের বাধায় যুবদলের মিছিল পণ্ড

বিডি নিউজ ৬৪: অর্থ কেলেঙ্কারীর মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছরের সাজা প্রদানের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি মণ্ডলপাড়া এলাকাতে গিয়ে পৌঁছালে পুলিশের বাধা মুখে পড়ে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে যুবদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সেক্রেটারি শাহ আলম মুকুল, ফতুল্লার সেক্রেটারি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, আড়াইহাজারের সভাপতি জুয়েল হোসেন, আজহারুল ইসলাম লাভলু, আলমগীর হোসেন, সোনারগাঁয়ের যুবদল নেতা নূর এ ইয়াসিন নোবেল, রূপগঞ্জের সালাউদ্দিন মোল্লা, রাজু প্রমুখ।

এদিকে, একই দাবিতে বেলা সাড়ে ১২টায় শহরের নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মহানগর যুবদলের আহ্বায়ক ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। তখন পুলিশ মিছিলকারীদের ছাত্রভঙ্গ করে দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। ওই সময়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

মহানগরের বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আকতার হোসেন খোকন শাহ, সেলিম মিয়া, রিপন প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাই কোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ২০ কোটি টাকা জরিমানও করেন আদালত। অর্থপাচারের অভিযোগে বিগত ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *