লাভজনক হবে পাটকল : মির্জা আজম

বিডি নিউজ ৬৪: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রায় শতভাগ বাস্তবায়ন হয়েছে। এর ফলে সরকারি পাটকলগুলো খুব দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) উদ্যোগে বিজেএমসির ফুটবল টিম প্রিমিয়ার লিগের এক উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘পাটকলের পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণে কাজ দ্রুত করা হবে। এর মাধ্যমে বিজেএমসির হারানো ঐতিহ্য আবারো ফিরিয়ে আনা সম্ভব হবে।’

বিজেএমসির ফুটবল টিম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে বিজেএমসি টিম। এই ফলাফলকেই পুঁজি করে প্রিমিয়ার লিগে আরো ভালো কিছু করার প্রত্যাশা করছি। ফুটবলসহ সব খেলায় অতীতের চেয়ে আরো ভালো ফলাফলের মাধ্যমে বিজেএমসিকে মানুষের মাঝে আরো জনপ্রিয় ও পরিচিত করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, বিজেএমসির পরিচালক বাবুল রায়, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাসহ বিজেএমসি ফুটবল টিমের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *