গুলির পর বেয়নেটের আঘাতে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

বিডি নিউজ ৬৪: যশোর বেনাপোলের পুটখালি সীমান্তে শহিদুল ইসলাম ফনি (৩৫) নামে বাংলাদেশি যুবককে গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ৭০/৭ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল পুটখালি পশ্চিমপাড়া গ্রামের সাবেদ কসাইয়ের ছেলে।

বিজিবি ও গরু ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে আংরাইল সীমান্তের ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও শহিদুল তাদের হাতে ধরা পড়েন।

বিএসএফ সদস্যরা তাকে প্রথমে গুলি করে ও পরে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা নিশ্চিত করে লাশ ভারতীয় সীমান্তের মাঠে ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গীরা কৌশলে লাশ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।

খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শামছুল হক জানান, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পোর্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল জানান, ভারত সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এএআই জহিরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *