বিডি নিউজ ৬৪: জার্মানির মিউনিখ শহরের শপিংমলে শুক্রবারের হামলার ঘটনায় ইরানি বংশদ্ভেূত ১৮ বছরের এক তরুণকে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ধারণা, হামলার পর সে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশের একজন মুখপাত্র বলছেন, ওই তরুণ একাই গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। এর আগে হামলাকারীর সংখ্যা তিন বলে উল্লেখ করা হয়েছিল।
ইরান বংশোদ্ভূত ওই জার্মান তরুণের বয়স মাত্র ১৮ এবং সে গত দু বছর ধরে মিউনিখে বসবাস করছিল। তার সম্পর্কে পুলিশের কাছে এর বেশি কোন তথ্য নেই। মিউনিখ হামলার পর ওই সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েও কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ।
প্রাথমিক তদন্তে জার্মান পুলিশ এই হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের সংম্পৃক্ততার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
মিউনিখের পুলিশ প্রধান হুবের্তাস অন্ড্রে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ওই হামলাকারী সম্পর্কে পুলিশের কোনো প্রাক ধারণা নেই। এছাড়া সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল কিনা সে বিষয়েও তারা নিশ্চিত নয়। হামলার উদ্দেশ্য সম্পর্কেও অন্ধকারে রয়েছে জার্মান পুলিশ। এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে হামলার পর ওই তরুণ আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে, সেটিও পরিষ্কার নয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, কমপক্ষে তিন হামলাকারী মিলে শুক্রবার মিউনিখের ওই শপিংসেন্টারে হামলা চালিয়েছিল। কিন্তু এখন তারা বলছে, একজন হামলাকারী পিস্তল নিয়ে ওই হামলা করেছে। হামলার পর সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহটি পাওয়া গেছে অলিম্পয়া শপিং সেন্টারের প্রায় এক কিলোমিটার দূরের একটি স্থানে। তার সঙ্গে একটি লাল ব্যাকপ্যাক ছিল। ওই ব্যাগপ্যাকটিতে কোন বিস্ফোরক আছে কিনা রোবট ব্যবহার করে পুলিশ তা পরীক্ষা করে দেখছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল