বিডি নিউজ ৬৪: বাংলাদেশকে জঙ্গি কবলিত রাষ্ট্র হিসাবে পরিচিতি দিয়ে দেশে ক্রমান্বয়ে বিদেশি হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে দলের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন বলেন, ‘জঙ্গিবাদি সন্ত্রাস মোকাবেলার কথা বলে বাংলাদেশে সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদী শক্তির অবস্থান ও নিয়ন্ত্রণ ক্রমে জোরদার করা হচ্ছে। কিন্তু এদেশের মানুষ কখনও বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়া হতে দেবে না।’
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে নির্যাতন-নিপীড়ন, গুম-খুনের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত থাকলে জঙ্গিবাদি সন্ত্রাস আরো উৎসাহিতই হবে।’
তিনি আরো বলেন, ‘কেবল বল প্রয়োগ করে জঙ্গিবাদি সন্ত্রাসকে পরাজিত করা যাবে না। বিদ্যমান জঙ্গিবাদি সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদর্শিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে ঐক্যবদ্ধ জনপ্রতিরোধ জোরদার করতে হবে।’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ২০ জুলাইয়ের বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ আখ্যায়িত করে তার তীব্র নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, ‘সরকারের নতজানু ভূমিকার কারণেই বিদেশি কুটনীতিকেরা মর্যাদাহানিকর মন্তব্য করার সাহস দেখাতে পারেন।’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির মহানগর কমিটির সদস্য বিলকিস বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, পার্টির স্থানীয় শাখার নেতা আবদুল খালেক, গনি মিয়া, হালিমা খাতুন, নুরজাহান বেগম, আমেনা বানু প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল