‘জাতীয় ঐক্য’ হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় নেই

বিডি নিউজ ৬৪: তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচির ভিত্তিতে অসাম্প্রদায়িক দল সমূহকে নিয়ে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর কোন ভয় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্থানস্থ জেএসডি’র কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা তিনি এ মন্তব্য করেন।

মালেক রতন বলেন, সরকারের সঙ্গে জাতীয় ঐক্য থাকার পর কেউ সরকার পরিবর্তনে যেতে পারে না।

তিনি বলেন, ৭ নভেম্বরে অভ্যুত্থানের পরপর কর্নেল তাহের বাংলাদেশে সকল শ্রেণি-পেশাসহ তৃণমূলের জনগণকে নিয়ে গণতান্ত্রিক জাতীয় সরকার গড়ে তোলার ডাক দিয়েছিলেন। সে মুহূর্তে জিয়াউর রহমান বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতা দখল ও বিচারের নামে প্রহসন চালিয়ে কর্নেল তাহেরকে হত্যা না করলে বাংলাদেশে মৌলবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না। তিনি আরো বলেন, কর্নেল তাহের হত্যা মামলার সব নথিপত্র জনসম্মুখে প্রকাশ ও হত্যাকারীর মরণোত্তর বিচার হওয়া উচিত।

জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- মো. সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন. আবদুর রাজ্জাক রাজা ও মিজান-উর রশীদ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *