বিডি নিউজ ৬৪: দেশে সম্প্রতি জঙ্গি হামলার বর্ণনা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘জাতির এখন ক্লান্তিকাল চলতেছে, এক শ্রেণির মানুষ দেশকে পিছনের দিকে নেয়ার চেষ্টা চালাচ্ছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ইন্সট্রাক্টরদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করতেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এ জঙ্গি হামলা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, ‘দেশ যখন উন্নত হচ্ছে। সরকার যখন মানুষকে সামনে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখাচ্ছে তখন এক শ্রেণির মানুষ আমাদের পিছু টেনে ধরার চেষ্টা করছে। তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করছে।’
দেশের এই ক্রান্তিলগ্নে মসজিদের ইমামদের মতো স্কুলের শিক্ষকদের অনেক ভূমিকা আছে মন্তব্য করে তিনি বলেন, ‘যে দেশের জন্য আপনাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, সেসময় ১০ টাকা বেতনের শিক্ষকরা আজ ১৫-১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। আপনারা (শিক্ষকরা) মুক্তিযুদ্ধের অঙ্গীকার পূরণের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন বলে আমি আশা করি।’
পিটিআই কর্মকর্তা সমিতির সভাপতি মুহাম্মদ রকিবুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল