বিডি নিউজ ৬৪: রাজশাহীর গোদাগাড়ীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। আবুল কালাম আজাদ সীমান্তবর্তী আশাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‘
প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, গুলিতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নেয়া হয়।
এদিকে, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ভারতীয় সীমান্ত থেকে আবুল কালাম আজাদের বাড়ি প্রায় আধা কিলোমিটার দূরে। তিনি সীমান্ত পেরিয়ে গরু আনা-নেয়া করতেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অন্যদের সঙ্গে সীমান্তে গরু আনতে যান তিনি। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে গেলেও বিদ্ধ হন আবুল কালাম আজাদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ওসি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে তারা আইনত ব্যবস্থা নিচ্ছেন।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল