মৃত পাওয়া গেল শিশু জুনায়েদকে

বিডি নিউজ ৬৪: জীবন্ত নয়, মৃত অবস্থায় পাওয়া গেল মিরপুরের পয়োঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়া চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে। নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা তার খোঁজ দিল উদ্ধারকর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদ আলম সিদ্দিক বাংলামেইলকে জানান, শুক্রবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে সুয়ারেজ লাইনের পাশের খাল থেকে জুনায়েদের মৃতদেহ উদ্ধার করা হয়।

একটি ময়লার স্তূপ পরিষ্কার করার পর শিশুটির মৃতদেহ পায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব না হওয়ায় সকালে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফা অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বেলা ৪টার দিকে মিরপুর কমার্স কলেজের পেছনের সুয়ারেজ লাইনে পরে নিখোঁজ হয় শিশু জুনায়েদ।  স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১০টা ৪০ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি ইউনিট।

মাঝরাত পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে অভিযান স্থাগিত রাখা হয়। পরে সকাল থেকে দ্বিতীয় দফা অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

গত ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে ড্রেনের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলম ও গৃহবধূ রুবি আক্তারের ছোট মেয়ে সানজিদা। বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ডুবুরিরা ক্লান্ত হয়ে পড়লে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে পরদিন সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযানে নামেন তারা। সকাল ৯টা ৫০ মিনিটে ৬ বছরের শিশু সানজিদার মরদেহ খুঁজে পান ডুবুরিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *