তারেকের রায় : স্বেচ্ছাসেবক ও যুবদলের বিক্ষোভ কর্মসূচি

বিডি নিউজ ৬৪: মুদ্রাপাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দেশব্যাপী পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদল। স্বেচ্ছাসেবক দল একদিন এবং যুবদল দুইদিনের কর্মসূচি পালন করবে।

শুক্রবার (২২ জুলাই) সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী শনিবার দেশের সব জেলা ও মহানগর এবং পরদিন রোববার দেশের সব থানা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে মুদ্রাপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

মামুনের আপিল খারিজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করে।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ আরও দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

রায়ে হাইকোর্ট তারেক রহমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বিচারিক আদালতকে। পলাতক তারেক রহমান আত্মসমর্পণ করলে বা তাকে গ্রেপ্তার করা গেলে সেই সময় থেকে তার দণ্ড কার্যকর হবে বলে হাইকোর্ট জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *