বিডি নিউজ ৬৪: রাজশাহীর গোদাগাড়ীতে একটি পাথরবোঝাই ট্রাক থেকে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রাজাবাড়িহাটে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বটতোল গ্রামের মঙ্গল মালিথার ছেলে জহুরুল ইসলাম (৩৪), একই গ্রামের শাহজাহান শেখের ছেলে বাদশা মিয়া (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাঁদপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)।
এদের মধ্যে জহুরুল ট্রাকের চালক, বাদশা হেলপার এবং আলমগীর ফেনসিডিল চোরাচালানের লাইনম্যান। র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ওই ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ট-১৮-৪৭১২) ফেনসিডিল চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর রাজাবাড়িহাটে ট্রাকটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে ট্রাকের ভেতর তল্লাশি চালিয়ে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় ফেনসিডিল চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারসহ ওই তিনজনকে আটক করা হয়। আর পাথরসহ জব্দ করা হয় ট্রাকটিকে। বর্তমানে আটককৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে চোরাচালানবিরোধী বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান র্যাব কর্মকর্তা মোবাশ্বের রহিম।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল