ইফার খুতবা চললে সরকার টিকবে না

বিডি নিউজ ৬৪: মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের শেখানো খুতবা পড়ানো হলে সরকার টিকবে না, বাংলাদেশও থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনিয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া আর চলবে না। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কত বড় পণ্ডিত হয়েছেন যে তার কথা অনুযায়ী মসজিদে খুতবা পড়তে হবে। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। যারা বলে ইসলামের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে, তাদের ইসলাম ও কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই।’

দেশে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠেনি দাবি করে তিনি বলেন, ‘প্রকৃত জাতীয় ঐক্য না হলে ক্ষমতাসীনরাও মারা পড়বেন, দেশও শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের আকাশ-বাতাস, তরুলতা সবাই জাতীয় ঐক্য চায়। দেশের এমন ক্রান্তিকালে জাতীয় ঐক্য না হয়ে বরং জাতীয় বিভক্তি হয়েছে। ঐক্য না হলে দিন যত যাবে দেশ তত পিছিয়ে যাবে।’

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিচার দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারকে আমি সমর্থন করি। কিন্তু এর আগে হাসানুল হক ইনুকে মন্ত্রিসভা থেকে বের করে কারাগারে পাঠিয়ে দিন। আজ মতিয়া চৌধুরী বড় বড় কথা বলেন। আমরা কি তার অতীত ইতিহাস জানি না? তারও বিচার দাবি করছি।’

জেএসডির সভাপতি আ. স. ম আব্দুর রবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *