চীনে প্রবল বর্ষণে মৃত ১শ!

বিডি নিউজ ৬৪: চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ১শ মানুষ মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এদের মধ্যে ২৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। তারা সবাই হেবেই প্রদেশের বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরো ৭২ জন।

অতি বৃষ্টিপাতের কারণে হেবেই প্রদেশের মোট ১১টি শহরের ২০ লাখের মত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ওই অঞ্চলের ১ লাখ ২৩ হাজার বাসিন্দাকে। এদের অনেকেই উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন।

প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় বন্যা ও ভূমিধেসের ঘটনাও ঘটেছে। ফলে ধ্বংস হয়েছে ৭ হাজারের বেশি ঘরবাড়ি। বিনস্ট হয়েছে ১০ লাখ ৪৮ হাজার হেক্টর জমির ফসল। বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে জল জমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোনো কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। হাঁটু পানিতে তলিয়ে গেছে হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াংয়ের প্রধান সড়কটি।

এদিকে উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেয়া বন্যার্তদের মধ্যে তাঁবু ও খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করতে শুরু করেছে চীনের জাতীয় দুর্যোগ মোকাবেলা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *