বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিনে বুধবার কনভেনশন কেন্দ্রের বাইরে মার্কিন পতাকা পোড়ানোর সময় ১৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। সোমবার থেকে শুরু হওয়া কনভেনশনে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।
এ সম্পর্কে ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেন, ‘বিক্ষোভকারীরা দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছিল। এতে তারা সামান্য আঘাত পেয়েছেন।’ এক কর্মকর্তার কনুই দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
উইলিয়ামস বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য ছিল বিশৃঙ্খলা, আইন অমান্য করা ও স্থিতিশীলতা বিনষ্ট করে অরাজক পরিস্থিতি তৈরি করা।’
বুধবার কুইকেন লনস অ্যারেনার প্রবেশ এলাকার সামনের রাস্তায় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। কনভেনশনের বাইরে বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী স্লোগান দিতে থাকে। পরে শত শত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রিপাবলিকান দলের সদস্যরা যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান।
উইলিয়ামস বলেন, এক বিক্ষোভকারী একটি মার্কিন পতাকায় আগুন ধরানোর চেষ্টাকালে তার প্যান্টে আগুন ধরে যায়। সেসময় এক পুলিশ কর্মকর্তা আগুন নিভানোর চেষ্টা করেন। এ সময় ওই বিক্ষোভকারী তাকে ঘুষি ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশ প্রধান আরো বলেন, তাদের মধ্যে ধস্তাধস্তির সময় পাশের দুই ব্যক্তির প্যান্টেও আগুন ধরে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিক্ষোভকারীদের আটক করে।
ওই দিন এক নারী বিক্ষোভকারী আর একটি পতাকায় আগুন ধরানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা পাতাকাটিকে ওই নারীর হাত থেকে ছিনিয়ে নেন। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়।এ সময় বিক্ষোভকারীরা ‘ওকে ছেড়ে দাও!’ বলে চিৎকার করে স্লোগান দিতে থাকে।
পুলিশ প্রধান উইলিয়ামস আরো জানিয়েছেন, রিপাবলিকান দলের অধিবেশনে গত তিন দিনে এ পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার কনভেশন শেষ হওয়ার কথা রয়েছে। শেষ দিনেও ট্রাম্প বিরোধীরা কনভেনশন সেন্টারের বাইরে কড়া নিরাপত্তা প্রহরায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল