আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জপসায় জাকির হোসেন নামে এক ট্রলার চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সমর্থকরা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল নিহত জাকিরের গ্রামে প্রবেশ করে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় জাকিরকে বাড়ির উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠায়। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ জানায়, জপসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জপসা গ্রামের আনোয়ার মাদবর ও শওকত বয়াতীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত রাতে শওকত বয়াতীর সমর্থকরা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আনোয়ার মাদবরের সমর্থক জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এদিকে নিহত হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে জাকির হোসেনের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল