বিডি নিউজ ৬৪: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের ওপর স্বজনদের হামলার প্রতিবাদ ও চিকিৎসক পরিষদের কমিটি গঠনের দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
গতকাল (২০ জুলাই) বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া লাগাতার কর্মবিরতি এখনও চলছে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক মাহফুজুল হক রাকিব।
এদিকে হঠাৎ শুরু হওয়া কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকার ফার্নিচার ব্যবসায়ী মনির হোসেন মন্টু (৪০) ঢাকা থেকে রংপুর আসার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এতে মন্টু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইন্টার্ন চিকিৎসক মাহফুজুল হক রাকিব বলেন, ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন ও হামলাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আমরা ১৮০ জন চিকিৎসক জরুরি সভা করে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।’ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভুল চিকিৎসা ও অবহেলায় মন্টু মারা গেছেন বলে অভিযোগ তুলে নিহত মন্টুর আত্মীয়-স্বজনদের সঙ্গে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ এনে রোগীর স্বজনদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল