ছাত্রদের রাজনীতিকে ‘ছাত্র রাজনীতি’ বলতে নারাজ নাহিদ

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রদের রাজনীতিকে ‘ছাত্র রাজনীতি’ বলতে নারাজ। তিনি মনে করেন ছাত্রদের রাজনীতি হতে পারে না, ‘ছাত্র আন্দোলন’ হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাত্র রাজনীতি নয়, আমি বলবো ছাত্র আন্দোলন।’

বুধবার সরকারি তিতুমীর কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হল এবং বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাত্র আন্দোলন হলো- শিক্ষার্থীদের জন্য কাজ করা। শিক্ষার্থীদের ভালো-মন্দ, সুবিধা-অনুবিধা দেখা। ছাত্রজীবনে আমিও ছাত্র আন্দোলন করেছি। কিন্তু এখন ছাত্র রাজনীতির মাধ্যমে একটি ভুল ধারণা দেয়া হচ্ছে, মনে করা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই ক্ষমতার জন্য লড়াই, ক্ষমতা কেড়ে নেয়া। আসলে ব্যাপরটি তা নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ১৯৭০ সালের কোনো এক সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেইসকোর্স) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের প্রসঙ্গ টেনে বলেন, ‘জাতির জনক বলেছিলেন- বাঙালি জাতির আন্দোলনের জনক ছাত্র সংগঠন তথা ছাত্রলীগ। ছাত্রলীগ না থাকলে এদেশের কোনো আন্দোলনই হতো না। কোনো সফলতাও অর্জিত হতো না।’

তিনি বলেন, ‘১৯৪৭ এর পর থেকে প্রতিটি আন্দোলনে ছাত্র রাজনীতির সক্রিয় ভূমিকা ছিল।’ এসময় তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্র রাজনীতির ভূমিকা তুলে ধরেন।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদ একেএম রহমত উল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা। স্বাগত বক্তব্য রাখেন তিতুমীর কলেজের উপাধক্ষ্য প্রফেসর এনামুল হক খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *