বড়দের দেখে ছোটদের শেখার পরামর্শ মাশরাফির

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্থানীয় ট্রেনারদের অধীনে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যদিও জাতীয় দলের এই প্রাথমিক ক্যাম্পের শুরুতে বিদেশি ট্রেনার মারিও ভিল্লাভারায়নের থাকার কথা ছিল।

কিন্ত ব্যক্তিগত কারণে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে থাকতে পারছেন না বিদেশি ট্রেনার। তবে তার অনুপস্থিতিতে এ ক্যাম্পে কোনো প্রভাব পড়বে না। বরং ক্যাম্পে থাকা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে জুনিয়র ক্রিকেটারদের শেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মাশরাফি বাহিনীর কন্ডিশনিং ক্যাম্পটা একটু আগে-ভাগে শুরু হয়েছে। ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার ক্রিকেটারদের মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ জন। ক্যাম্পের শুরুতে বিদেশি ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নেই। তার অনুপস্থিতিতে কন্ডিশনিং ক্যাম্পে কোনো প্রভাব ফেলবে না। কারণ ক্রিকেটাররা জানে কার কি কাজ। যারা এ ক্যাম্পে ঠিকমতো কাজ করবে না, তারা এমনিতেই পিছিয়ে পড়বে। মারিওর পরিবর্তে দেশি ট্রেনার থাকায় ক্যাম্প ভালোভাবেই চলবে বলে মনে করেন মাশরাফি।

এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘মারিওর পরিবর্তে দেশি ট্রেনার ইফতি আছে। সে অনেক দিন আমাদের সঙ্গে আছে। তাকে নির্দেশনা দেয়া আছে। এছাড়া খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এখন সবাই জানে যে, নিজের কাজটা নিজেরই করতে হবে। মারিও থাকলেই পুশ করবো, এমন নয়। এক দেড় মাস গ্যাপ থাকলেই আনফিট হয়ে যাবো, এটা সবারই জানা আছে। বিশেষ করে এই কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের যত্ন নেয়া শেখা, নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য দারুণ সুযোগ।’

কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। মারিও না থাকায় দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব একটু বেশি বলেই মনে করছেন মাশরাফি।

এ প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমি আগেও বলেছি এখানে সিনিয়রদের অনেক কিছু করার আছে। যেমন মুশফিক, রিয়াদ, তামিম, যারা এই ক্যাম্পে রয়েছে। তাদের মধ্যে শাহরিয়ার নাফীস, রকিবুল, ওরা সবাই ফিট। ওদেরকে আলাদা করে কিছু বলার নেই। আমি মনে করি তরুণরা সিনিয়র ফিট ক্রিকেটারদের কাছ থেকে  গাইডলাইনটা নিক। আর এটা তো দেখানোর জন্য একরকম কাজও করা হয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *