বিডি নিউজ ৬৪: খুলনা জেলার রূপসা উপজেলায় শোয়েব-আতিয়ার হত্যা মামলায় ১০জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. আল মামুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মনিরুল ইসলাম, আ. রহিম, কাওসার আলী, আ. সোবহান ও এসকেন্দার কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- হারুন ও মিলন পলাতক রয়েছেন। বাকি তিনজন ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ১৫ এপ্রিল রূপসা উপজেলার দূর্জনী মহল গ্রামের শহীদের চায়ের দোকানের সামনে সন্ত্রাসীরা একই গ্রামের শোয়েব ঢালী ও আতিয়ার ঢালীকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত শোয়েবের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান ২০০৩ সালের ১৭ মে ৪১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত উভয় পক্ষের ২৩ জন স্বাক্ষীর সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জনের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল