হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারী আটক

বিডি নিউজ ৬৪: জেলার বাহুবল উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের একদিন পর অপহৃতাসহ এক অপহরণকারী নারীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মিরপুর বাজার চৌমুহনী থেকে অপহৃতাসহ ওই অপহরণকারীকে আটক করে স্থানীয় জনতা। অপহৃতা স্কুলছাত্রী শান্তা চক্রবর্তী (১৪) বাহুবল উপজেলার নতুন বাজার এলাকার শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের হরিধন চক্রবর্তীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা আক্তার (৩০) মঙ্গলবার (১৯ জুলাই) সকালে অপহৃতা শান্তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ার কথা বলে শান্তাকে বাড়ি থেকে কৌশলে বের করে নিয়ে আসে। পরে বিকেল পর্যন্ত অপেক্ষা করে শান্তা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই দিন রাতেই বাহুবল মডেল থানায় শান্তার বাবা বাদী হয়ে অপহরণকারী ফাতেমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে, বুধবার সকাল ১০টার দিকে অপহৃতা স্কুলছাত্রী শান্তাকে নিয়ে পাড়ি দেয়ার উদ্দেশ্যে রওনা দিলে মিরপুর বাজার চৌমুহনী এলাকায় পৌঁছলে তাদের গতিবিধি দেখে অনেকের সন্দেহ হয়। পরে তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

অপহৃতা শান্তা জানায়, ফাতেমা তাকে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে কৌশলে নিয়ে যায়। মিরপুরে তার দুলাভাইয়ের বাসায় ভালো স্যার থাকেন বলেও তাকে জানায়। অপহরণকারী ফাতেমা বেগম জানায়, শান্তার পরিবার খুব গরিব। তাকে নিয়ে একটি গার্মেন্টেসে চাকরি দিব বলে নিয়ে আসি।

এ ব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু কর জানান, তাদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *