বিডি নিউজ ৬৪: নৌ-সড়ক দুর্ঘটনা রোধে লঞ্চ-বাসসহ সব ধরনের যানবাহনে প্রকৃত সনদধারী দক্ষ চালকদের নিয়োগ প্রদান এবং জাল সনদ বন্ধ করার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।
বুধবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্প্রসারিত মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপিএসআরআর এর সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, ‘প্রায় সকল দুর্ঘটনার জন্যই নৌযান ও বাস ট্রাকের চালকরা অনেকাংশে দায়ী। তাছাড়া নৌযান ও সড়ক যানের চালকদের একটি বড় অংশই জাল সনদধারী বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সরকারি হিসেবেই ৯ হাজার নৌযানে সনদধারী মাস্টার নেই। আর বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে জাল সনদধারী অথবা সনদবিহীন মাস্টার-ড্রাইভারের সংখ্যা অর্ধলাখের কাছাকাছি, যা নৌ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একই অবস্থা সড়ক পরিবহনখাতেও বিরাজমান।’
এ পরিস্থিতিতে নৌ ও সড়ক নিরাপত্তার স্বার্থে সরকারের নিকট আমাদের দাবি, সবধরনের নৌযানের মাস্টার ও ড্রাইভারদের ছবি ও তথ্য সংবলিত সনদ নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড এবং প্রতিটি পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের তথ্য হালনাগাদ করা হোক।
একইভাবে সব ধরনের সড়কযানের চালকদের ছবি ও তথ্য সংবলিত সনদ বিআরটিএর ওয়েরসাইটে আপলোড ও প্রতিটি পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের তথ্য হালনাগাদ করা হোক। নৌ ও সড়ক নিরাপত্তার স্বার্থে জাল শনাক্তকরণে এবং ভ্রাম্যমান আদালতের তাদের আটক করতে হবে। ড্রাইভারদের পাশাপাশি হেল্পারদের সরকারি পরিচয়পত্রও বাধ্যতামূলক। নিয়োগের আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সনদ যাচাই–বাছাই করার জন্য মালিকদের প্রতি সর্তকীকরণ বিজ্ঞপ্তি জারি করা জরুরি।
এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা, এনামুল হক, ভারপ্রাপ্ত সভাপতি তুষার রেহমান প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল