বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজনীতিবিদসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী ২৭ আগস্ট দেশব্যাপী সন্ত্রাসবিরোধী ‘প্রতীকী গণঅনশন’ কর্মসূচি ঘোষণা করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
একইসঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২৭ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী সাংগঠনিক ও প্রচার কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএফ আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন নিলু। জঙ্গিবাদ-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী পালিত প্রতিবাদ ও প্রতিরোধের বহ্নিশিখা প্রজ্জ্বলিত করার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দেশের সব বিভাগীয় শহরে এনডিএফ’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বলে বাংলামেইলকে নিশ্চিত করেন ফ্রন্টের চেয়ারম্যান নিলু।
মানববন্ধন কর্মসূচিতে গুলশানের রেস্তোরা ও কিশোরগঞ্জের শোলাকিয়া সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে শেখ শওকত হোসেন নিলু বলেন, ‘দেশি-বিদেশি নাগরিক এবং পুলিশ কর্মকর্তা হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা প্রমাণ করতে চাইলো, বাংলাদেশে ‘আইএস’ এবং ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের’ কার্যকর অস্তিত্ব বিদ্যমান, যা একেবারেই মিথ্যা ও পরিকল্পিত নীল-নকশার অংশ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, জিডিপির প্রবৃদ্ধি ইত্যাদিতে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারায় দেশি-বিদেশি চক্র লিপ্ত। এ চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে নিলু বলেন, ‘একজন নেত্রী সরকারকে উৎখাত করতে চেয়ে ঐক্যের ডাক দিচ্ছেন। তিনি বলছেন, এই ধরনের শাসন (বিএনপি দাবি করে, দেশে এখন গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চলছে) থাকলে জঙ্গিবাদের উত্থান হবে। এর মধ্য দিয়ে প্রকান্তরে-কৌশলে তিনি (খালেদা) জঙ্গিবাদের পক্ষেই কথা বলছেন, যেটা মোটেই কাম্য নয়। কিন্তু তারপরও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সকলের সঙ্গে ঐক্য চাই।’
এ সময় এনডিএফ চেয়ারম্যান দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দল-মত নির্বিশেষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী সকলকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কার্যকর ভূমিকা পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান।
শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনডিএফ মহাসচিব আলমগীর মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহীদুজ্জামান, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য বাবুল সর্দার চাখারী, ভাইস চেয়ারম্যান আশা সিদ্দিকা প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল