বিডি নিউজ ৬৪: বিভাগীয় চেয়ারম্যানের অব্যাহতি, শিক্ষকদের আবাসন সমস্যা, ক্লাসরুম ও ল্যাব সঙ্কটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের বেধে দেওয়া সময় শেষ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) আলটিমেটামের শেষ দিন হলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়ার খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিজেদের বেধে দেওয়া সময়ের মধ্যে সদুত্তর না পাওয়ায় শিক্ষার্থীরা প্রোক্টর মুশফিকুর রহমানের কক্ষে গিয়ে সমস্যা সমাধানের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসময় প্রোক্টর শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে। তবে শিক্ষকদের সমস্যার ব্যাপারে কথা বলতে রাজি হননি বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
অন্যদিকে প্রোক্টরের কাছ থেকে আশানুরূপ ফলাফল না পাওয়ায় দাবিপূরণের শেষ দিনেও হতাশ হয়ে ফিরতে হয়েছে শিক্ষার্থীদের।
এ ব্যাপারে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, ‘আমরা প্রোক্টর স্যারের দেওয়া আশ্বাস গ্রহণ করতে পারছিনা। কারণ এই দাবিগুলো শিক্ষার্থীদের জন্য যতটা যৌক্তিক ডিপার্টমেন্টের স্বার্থে শিক্ষকদের জন্যও ঠিক ততটাই যৌক্তিক। একটা সমস্যার সাথে অন্য একটা সমস্যা পরস্পরভাবে জড়িত। তাই সকল সমস্যার সমাধান একসাথে করতে হবে বলেও জানায় শিক্ষার্থীরা।’
আন্দোলনে পরবর্তী ধাপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, এ ব্যাপারে সকলে মিলে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা।
এর আগে মঙ্গলবার বিকেলে একই দাবিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদত্ত পাঁচ দফার সমর্থনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা। যেখানে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দুদিনের সময়ও বেধে দিয়েছিল তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল