ইংল্যান্ডের পথে উড়লেন মুস্তাফিজ

বিডি নিউজ ৬৪: সেই কবে যাওয়ার কথা। আইপিএল শেষ হওয়ার পরই। কিন্তু দেরী হলো। শেষে মনে হচ্ছিল আর যাওয়া হবে কি? ভিসা জটিলতা ছিল। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁ হাতি ফাস্ট বোলারের বিমান বুধবার সকাল দশটায় টেক অফ করার কথা। ইংলিশ কাউন্টি সাসেক্সের হয়ে সীমিত ওভারের প্রতিযোগিতায় লড়বেন ‘দ্য ফিজ’ মুস্তাফিজ।

বল হাতে যতো কথা বলেন মুখে তার কিছুই বলেন না বোলিং বিস্ময়। তবে জানিয়ে গেলেন, “শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, একজন ভালো খেলোয়াড় হিসেবে অনেক কিছুই শেখার আছে। সব সময় শিখতে চাই। আজ যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন।”

লম্বা ভ্রমণের ধকল না কাটতেই মুস্তাফিজকে মাঠে নেমে পড়তে হতে পারে। বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে চেমসফোর্ডে এসেক্সের সাথে সাসেক্সের ম্যাচ। নক আউট পর্বে খেলতে হলে শেষ তিন ম্যাচে সাসেক্সকে জিততেই হবে; পরিস্থিতি প্রায় এই রকম। এই অবস্থায় মুস্তাফিজের ভিসা হওয়ার খবরে সাসেক্স জানিয়েছে ‘বাকি ম্যাচগুলোতে’ বোলারকে পাচ্ছে তারা। তার মানে কোনো ম্যাচে ‘দ্য ফিজ’কে বসিয়ে রাখার বিলাসিতা করতে চাইবে না। লন্ডন রয়্যাল কাপ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে অন্তত ৭টি ম্যাচ মুস্তাফিজের সামনে। টি-টোয়েন্টির নক আউট পর্বে গেলে ম্যাচের সংখ্যা বাড়বে।

এটা অবশ্য ইংল্যান্ডে মুস্তাফিজের প্রথম সফর না। এর আগে ২০১৩ সালের আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে প্রথমবার ইংল্যান্ডে গিয়েছিলেন। মুস্তাফিজের মনে পড়ে, দুটি উইকেটও পেয়েছিলেন এক ম্যাচে। ত্রিদেশীয় সেই সিরিজের এক ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছিল তাকে। এবার ভিন্ন অভিজ্ঞতা হবে। খেলবেন কাউন্টি ক্রিকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *