বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রে চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবাসন ব্যবসায়ী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। একই সঙ্গে ইন্ডিয়ানার গভর্ণর মাইকেল পেন্সকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনে (মঙ্গলবার) প্রতিনিধিরা একেকটি অঙ্গরাজ্য ধরে ভোট গ্রহণ করে। এতে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাবার জন্য প্রয়োজনীয় ১২৩৭টি ভোট পান। এই রোল কল ভোটের পর ট্রাম্প চটজলিদ এক টুইট বার্তায় বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করে যাবো এবং আপনাদের কখনই হতাশ করবো না।’ ওই কনভেনশনে ট্রাম্পের একসময়ের প্রতিদ্বন্দ্বী ও অহিও রাজ্যের গভর্নর জন কাসিচ পেয়েছেন ১২৯ ভোট। এছাড়া মাত্র ১১৩ ভোট পেয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবি। ওই দুই নেতা বহু আগেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াই থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন।
রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ট্রাম্প আগামী ৮ নভেম্বরের নির্বাচনে ডেমক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি জয়ী হবেন তিনিই প্রেসিডেন্ট বারাক ওবামার স্থলাভিষিক্ত হবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল