মাথাব্যথা নিয়ে মা-বাবার বকুনিতে স্কুলছাত্রের আত্মহত্যা

 বিডি নিউজ ৬৪: সালথা উপজেলায় মাথাব্যথার কারণে মা-বাবার বকুনিতে অভিমান করে শামীম মাতুব্বর (১০) নামে এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শামীম উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মো. কামাল মাতুব্বরের ছেলে ও ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যরা জানায়, শামীম দীর্ঘদিন যাবত মাথাব্যথার রোগে আক্রান্ত ছিল। এ কারণে চিকিৎসাও চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। মাঝে মাঝেই সে প্রচণ্ড মাথাব্যথায় আক্রান্ত হতো।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতেও তার মাথাব্যথা শুরু হলে সে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তার মা-বাবা অধৈর্য হয়ে শামীমকে গালমন্দ করে। অসহ্য মাথাব্যথা ও মা-বাবার বকুনিতে অভিমান করে শামীম রাতের কোনো এক সময় বিষপান করে আত্মহত্যা করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *