পাবনায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

বিডি নিউজ ৬৪: জেলার সুজানগর উপজেলার চব্বিশমাইল নামক স্থানে সোমবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২৫ জন আহত হয়েছে। এ সময় দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতরা হলেন-ফজর আলী (৪৫), আয়েন উদ্দিন (৫০), বাদশা (৩০), আব্দুল্লাহ (৪৫), মুত্তালেব (৬৫), রতন মিয়া (৬০), আমজাদ হোসেন (৭০), নজরুল হোসেন (৫০), বাবু মিয়া (৪২), ইয়াছিন (৪৫), ইউছুফ (৫২), এবাদত (৪০), আন্নাস (৪২), আবু সুফিয়ান (৫০) ও রকিব হোসেনসহ (৪৫) পুলিশ জন। আহতদের মধ্যে ১৬ জনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নে মেম্বার নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরেই সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসু-আব্বাস ও বিজয়ী মেম্বর হাবিবর রহমান হবির সমর্থকরা পরিকল্পিতভাবে চব্বিশমাইল বাজারে পরাজিত মেম্বর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা বারেকের সমর্থক আব্দুল্লাহর দোকানে হামলা চালায়। এ সময় দোকান মালিক আব্দুল্লাহ ও দোকানে বসে থাকা তার লোকজনদের বেদম মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা।

এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের কারণেই এ সংঘর্ষ হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থতি স্বাভাবিক রয়েছে। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *