ট্রাম্পের বিরুদ্ধে ১০০ নারীর নগ্ন প্রতিবাদ

বিডি নিউজ ৬৪: ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না তারা। তাই প্রকাশ্যে নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে শামিল হলেন একশ মার্কিন নারী।

সোমবারই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে ট্রাম্পের নাম। সে উপলক্ষে ক্লিভল্যান্ডে চলছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। অনুষ্ঠানস্থলের অদূরে এ দিন একত্রিত হন ১০০ প্রতিবাদী।

স্পেনসার টিউনিক নামে এক চিত্রগ্রাহক ছিলেন এ প্রতিবাদের উদ্যোক্তা। তার ডাকেই সাড়া দিয়ে এগিয়ে আসেন ওই নারীরা। হাতে বিরাট আয়না। গায়ে সুতোও নেই। হাতে ধরা আয়নার মুখ ঘোরানো অনুষ্ঠানমঞ্চের দিকে।

প্রকাশ্যে নগ্ন হওয়া ক্লিভল্যান্ডে বেআইনি হলেও মালিকের অনুমতিতে ফটোশ্যুটটি স্থানীয় এক ব্যক্তির নিজের বাড়িতে হওয়ায় ধরপাকড়ের সুযোগ পায়নি পুলিশ। শিল্পী তার নিজের ওয়েবসাইটে ব্যাখ্যা দিয়েছেন, এই আয়নাগুলি প্রগতিশীল নারীদের জ্ঞান এবং বিদ্যার প্রতীক।

ওই চিত্রগ্রাহক ক্ষোভ ঝেড়ে বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে শুধুমাত্র ভোট দেয়াই যথেষ্ট বলে মনে করি না আমি। বাড়িতে আমার স্ত্রী ও মেয়ে রয়েছে। রিপাবলিকান পার্টির তরফে নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ শানানো হচ্ছে তা অকল্পনীয়।’

৫৫ বছরের মাপো কিননর্ড। এই অধ্যাপক ও শিল্পী জানিয়েছেন, মুসলিম এবং শরণার্থীদের ভয় পাওয়ার কথা বলে রিপাবলিকানরা তাদেরই ভয় পাইয়ে দিয়েছেন। এই প্রতিবাদ তাই রিপাবলিকানদের বিরুদ্ধে।

মরনিং রবিনসন নামের ১৮ বছরের এক তরুণী বলেন, ‘রিপাবলিকানরা সমাজে নারীদের যে অবস্থানের কথা বলে, আমি তার সঙ্গে একমত নই। তারই প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগেও নগ্ন হয়ে প্রতিবাদ হয়েছে আমেরিকায়। এ প্রতিবাদে ট্রাম্পের ভোটব্যাংকে কী ফাটল ধরে, তা দেখার অপেক্ষায় অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *