বিডি নিউজ ৬৪: লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম আমদানি, মজুদ, পরিবহন, বিতরণ, উৎপাদন, শোধন ও মিশ্রণ করা যাবে না। এ আইন লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এবং একই অপরাধ পুনরায় সংঘটিত হলে দ্বিগুণ শাস্তির বিধান রেখে সংশোধনসহ পেট্রোলিয়াম আইন-২০১৬ বিল সংসদে পাস হয়েছে।
ডিপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার (১৮ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এসময় কয়েকজন সংসদ সদস্য বিলটির সংশোধন প্রস্তাব করলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। বিলটি ১০ ফেব্রুয়ারি সংসদে উত্থাপিত হয়েছিল।
বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদনক্রমে কোনো তেল বিপণন কোম্পানি প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ব্যবসা করার জন্য ডিলার নিয়োগ করতে পারবে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যবসার জন্য ডিলারের পরিবর্তে এজেন্ট নিয়োগ করতে পারবে।
তবে কোনোভাবেই লাইসেন্স ছাড়া প্রথম শ্রেণির পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ বা বিতরণ করা যাবে না। তবে বিক্রির উদ্দেশ্য ছাড়া লাইসেন্স ব্যতীত ২৫ লিটার পরিমাণ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদ করার বিধান আইনে রাখা হয়েছে।
এছাড়া লাইসেন্স ছাড়া ২ হাজার লিটার পরিমাণ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদ ও পরিবহন করা যাবে। কিন্তু তা এক হাজার লিটার পাত্রে সংরক্ষণ করতে হবে। একইভাবে লাইসেন্সধারী মোটরযান বা জ্বালানি ইঞ্জিনের জন্য ৯০ লিটার পেট্রোলিয়াম মজুদ ও পরিবহন করতে পারবে।
বিলে বলা হয়েছে, ২৫ লিটারের বেশী মজুদ করতে হলে লোকালয়, বাসস্থান বা কর্মস্থলের বাইরে বিচ্ছিন্ন স্থানে করতে হবে। প্রধান বিস্ফোরক পরিদর্শক বা তার ক্ষমতাপ্রাপ্ত বিস্ফোরক পরিদর্শক লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন। লাইসেন্স নির্দিষ্ট মেয়াদ, শর্ত, ফি প্রদান সাপেক্ষে কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল