বিডি নিউজ ৬৪: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় বাদ পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাহলে, মাহাতো, মালো, রাজোয়াড় ভূঁইয়া কোডাসহ ২৪টি গোষ্ঠীকে গেজেটভুক্তির দাবি জানিয়েছেন মাহালে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ করা না হলে অন্য আদিবাসী সংগঠনকে সঙ্গে নিয়ে আগামী ২ আক্টোবর বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন তাঁরা। দাবির বিষয়ে বিস্তারিত তুলে ধরে আজ সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নাথালিউস মারাণ্ডী, এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেরিনা হাঁসদা, সাধারণ সম্পাদক মাইকেল মানড্রি, আঞ্চলিক কমিটির সভাপতি পাত্রাস সরেন, সন্ধ্যা মালোসহ অন্যরা।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০১০ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন পাশের পর ৫১টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ২৭টি জাতিকে গেজেটে তালিকাভুক্ত করা হয়েছে। মাহলে, মাহাতো, মালো, রাজোয়াড়, ভূঁইয়া, কোডা, কর্মকার, সিং, রাই, পাত্র, কর্নিদাস, গড়াত্, গণ্ড, চাইমাল, ছত্রী, তেলি, নুনিয়া, পলিয়া, বাগদি, ভূঁইমালী, ভূমিজ, মশহুরসহ ২৪টি গোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এতে উচ্চ শিক্ষা, চাকরিতে প্রবেশাধিকারসহ বিভিন্ন রাষ্ট্রীয় কোটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি তারা হারিয়ে যেতে বসেছে বংশ পরম্পরায় ভাষা, সংস্কৃতি এবং উৎসব।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বঞ্চিত ২৪টি জাতিসত্ত্বাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্তির দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা। দাবি পূরণে আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এবং দিনাজপুর জেলার সংগঠনের পক্ষে স্পিকারের কাছে স্মারকলিপি পেশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২ আগস্ট কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল