‘প্রতি ভোটকেন্দ্রে আছে থানার সমান ফোর্স’

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে এই দুই নির্বাচনী এলাকাকে। র‌্যাবের টহলের পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও বিজিবি সদস্য। কড়া নিরাপত্তা ও সতর্ক অবস্থানের মধ্যে দিয়ে আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা অবধি। ভোটের দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গৌরীপুর উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। প্রতিটি ভোটকেন্দ্রে একটি থানার সমান ফোর্স মোতায়েন রয়েছে জানিয়ে ডিআইজি আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি থানায় যেমন ফোর্স থাকে প্রতিটি ভোটকেন্দ্রে তেমন ফোর্স রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক।

এ সময় জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি, পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, গৌরীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন গৌরীপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৩৪৩ জন ভোটার রয়েছে। এখানে আ’লীগ প্রার্থী নাজিম উদ্দিনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে মোট ভোট কেন্দ্র ১৩৩টি। দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬২২ জন। আর নারী ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২ জন। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেংসহ ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *