বিডি নিউজ ৬৪: অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তার সৃষ্টি করা গান নিয়ে এবার আয়োজিত হতে যাচ্ছে নতুন এক আয়োজন। শুধুমাত্র তার লেখা গান যথাযথ সুরে এবং কথায় গাইবেন এই সময়ের শিল্পীরা।
তার গানের ভান্ডার থেকে গান নিয়েই সাজানো হয়েছ সঙ্গীতানুষ্ঠান ‘পালকি’। চ্যানেল আইতে ১৯ জুলাই থেকে প্রচার শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি।
এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমাদের দেশে অনেক সুন্দর হাজার হাজার বাংলা গান রয়েছে। এই গানের সঙ্গে সংশ্লিষ্টরা অনেকেই নেই, অনেকেই হয়তো আগামীতে থাকবেন না। তাদের গানগুলোকে বাঁচিয়ে রাখার মতো তেমন কোনো আর্কাইভও নেই। কিন্তু চ্যানেল আই এবং শরীফ মেলামাইন অন্তর থেকে অনুভব করে বাংলা গানকে বাঁচিয়ে রাখার বিশেষ উদ্যোগ নিয়েছে ‘পালকি’র মাধ্যমে। যদিও কাজটি কঠিন কিন্তু তারপরও তারা যে সাহস করে এগিয়ে যাচ্ছে এ জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানুষ আসবেন আবার চলেও যাবেন। কিন্তু তাদের কীর্তি পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।’
অনুষ্ঠানে গানগুলো গেয়েছেন রিজিয়া পারভীন, পলাম, মনির খান, দিঠি আনোয়ার, অপু প্রমুখ। অনুষ্ঠানে পর্যায়ক্রমে গাইবেন ক্লোজআপ ওয়ান ও সেরাকণ্ঠের শিল্পীরা। অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচ থেকে ছয়টি গান থাকবে। প্রচার হবে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল