বিডি নিউজ ৬৪: ‘সেবার জন্য প্রশাসন, দুর্নীতিকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে দুর্নীতিবিরোধী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলার শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে দুদক ও টিআইবির যৌথ আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান, সহকারী পরিচালক মো. মহিন উদ্দিন, সনাক বাগেরহাটের সভাপতি অ্যাড. রামকৃষ্ণ বসু, উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন।
প্রধান অতিথি বলেন, ‘সরকারি সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। যার কারণে সকল নাগরিককে তার অধিকার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না।’
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজমুল হকের সঞ্চলনায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সাব-রেজিস্ট্রি, ভূমি অফিস, পল্লিবিদ্যুৎ, সমাজসেবা, সমবায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের দুর্নীতি সম্পর্কে সরাসরি গণশুনানিতে সরকারি কর্মকর্তারা অভিযোগকারী জনগণের মুখোমুখি হন। এর আগে উপজেলা চত্বরে তথ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি স্টল অংশ নেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল