বিডি নিউজ ৬৪: চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধের লক্ষ্যে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে মহানগর এলাকায় বসবাসকারী সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য খুলনা মহানগর পুলিশকে প্রদান করার জন্য সকল বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে।
আর যদি কোনো বাড়ির মালিক ভাড়াটিয়াদের তথ্য গোপন করেন এবং পরবর্তীতে ওই সকল ভাড়াটিয়াদের দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে বাড়ির মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার রাতে কেএমপি’র (মুখপাত্র) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলামেইলকে জানান, ইতোমধ্যে মহানগরী এলাকায় বসবাসরত সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। স্ব স্ব থানা পুলিশ এসব তথ্য সংগ্রহে কাজ করছে। আর এ কাজে বাড়ির মালিকদের পুলিশকে সহায়তা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে ফরম দেয়া হচ্ছে। যদি কোনো বাড়ির মালিক এই ফরম না পেয়ে থাকে তাহলে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে ফরম নিয়ে পূরণ করে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ মনিরুজ্জামান মিঠু জানান, যদি কোনো বাড়ির মালিক ভাড়াটিয়ার তথ্য গোপন করে এবং সেই ভাড়াটিয়া কোনো অপরাধ বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে তার দায় বাড়ির মালিককে নিতে হবে। এই অপরাধে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল