আফগানদের কলঙ্কিত জয়

বিডি নিউজ ৬৪: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। কিন্তু তাদের বিতর্কিত আবেদনে আইরিশ ওপেনার এড জয়সির রান আউট আফগানদের জয়ের উপর কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে।

রোববার বেলফাস্টে সিভিল সার্ভিস ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ ওভারে ১৫০ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় আয়ারল্যান্ডের। ফলে ৭৯ রানের বড়  ব্যবধানে জিতেছে আফগানরা।

আফগানিস্তানের জয়কে ছাপিয়ে গেছে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটির ব্যাটসম্যান এড জয়সির বিতর্কিত রান আউট। ইনিংসের ষষ্ঠ ওভারে এক্সট্রা কাভার দিয়ে বল বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন জয়সি। নিশ্চিত বাউন্ডারি ভেবে পিচের মাঝপথে দৌড় থামিয়ে দেন তিনি। মোহাম্মদ নবী বল কুড়িয়ে নিয়ে উইকেটরক্ষক আরমানের কাছে পাঠান। আরমান সেটি নন স্ট্রাইকে থাকা বোলার ইয়ামিন আহমাদজাইর কাছে দিলে তিনি বল হাতে স্টাম্প ভেঙে দেন।

মাঠের আম্পায়ার অ্যালান নেইল ও সি শামসুদ্দিন এটিকে আউট দিয়ে দেন। কিন্তু বলটি ঠেকানোর সময় মোহাম্মদ নবী বাউন্ডারি পার হয়ে গিয়েছিলেন। বিষয়টি জানার পর আম্পায়াররা আফগান অধিনায়ক আসগর স্টানিকজাইর কাছে আবেদন তুলে নিতে আহবান জানান। কিন্তু আসগর আবেদন তুলে নেননি। ম্যাচটিতে কোনো টিভি আম্পায়ার না থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি।

ম্যাচ শেষে ক্রিকেট আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজার বারি চ্যাম্বারস টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, মোহাম্মদ নবী বাউন্ডারির দড়ি পার হয়ে গিয়েছিলেন। আয়ারল্যান্ডের অধিনায়ক পোর্টারফিল্ড জানিয়েছেন যে জয়সি ভেবেছিলেন বলটি বাউন্ডারি হয়ে গেছে। তাই তিনি দৌড়াননি।

তবে আফগানিস্তানের এই জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশীদ খান। ব্যাট হাতে অপরাজিত ৬০ রান করার পর বল হাতে চার উইকেট শিকার করেছেন। আফগান ব্যাটসম্যানদের মধ্যে রহমত শাহ ৪৮ ও মোহাম্মদ নবী ৫০ রান করে আউট হয়েছেন।

আয়াল্যান্ডের কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেননি। জয়সি ১২ রানে আউট হওয়ার পর ১৬ রান করা পোর্টারফিল্ডও রান আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৩৪ রান করেন কেভিন ও’ব্রেইন। এছাড়া পল স্টার্লিং ৩১ ও পুয়েনটার ১৫ রান করেন।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই। আফগানিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ হার ঠেকিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *