বিডি নিউজ ৬৪: জেলার গোপালপুর উপজেলার বিতর্কিত মেহেরুন্নেসা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে। হরতালের কারণে সকাল থেকে কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে জনগণ।
আন্দোলনকারীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, বিএনপির সাবেক উপমন্ত্রী, পলাতক জঙ্গি নেতা মাওলানা তাজ উদ্দিনের বড় ভাই আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত বিতর্কিত মেহেরুন্নেসা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ এ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
এদিকে, একই আন্দোলনের অংশ হিসেবে গোপালপুর কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালপুর-টাঙ্গাইল ও ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় জনগন হরতাল-অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল