বিডি নিউজ ৬৪: মহানগরের সিদ্ধিরগঞ্জে তান্যিমুল উম্মাহ হিফজুল মাদরাসার শিশু ছাত্র আশিকুর রহমান সিয়ামের (৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টায় আটি ওবায়দা কলোনি এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
মৃত সিয়াম পাঠানটুলি কুমিল্লা পট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে এবং গত ২ বছর যাবত এ মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিল।
নিহত সিয়ামের বাবা লুৎফর রহমান বলেন, ‘রোবরার সকালে ছেলে সিয়ামকে মাদরাসায় দিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় সিয়াম অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মৃত। মাদরাসার লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। আমি বিচার চাই।’
এদিকে মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে একজন পথচারী সিয়ামকে নিয়ে এসে বলে এ ছাত্রটি আপনাদের। আমরা সিয়ামকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে মারা গেছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল