মানুষ ঐক্যবদ্ধ হলে জঙ্গিরা ভেসে যাবে

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, মানুষ ঐক্যবদ্ধ হলে জঙ্গি ও গুপ্তহত্যাকারীদের উত্থান স্রোতের মতো ভেসে যাবে।

পরিস্থিতি মোকাবেলায় পরস্পরকে দোষারোপ না করে একে অন্যকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (১৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতি খুবই উদ্বিগ্ন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও গুপ্তহত্যার আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করছে। স্বাধীনতার ৪৫ বছরেও মানুষ নিজেকে এত অসহায় আর নিরাপত্তাহীন মনে করেনি। এই পরিস্থিতির অবসান না হলে দেশ এবং দেশের জনগণ ও সম্পদ রক্ষা করা যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হবে।’

এখন নীরবে বসে থাকার সময় নয় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে এই বুদ্ধিজীবী বলেন, ‘আসুন, সব ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে চলমান সঙ্কট সমাধানে ঐক্যবদ্ধ হই। ছাত্র ও যুব সমাজকে সম্পৃক্ত করে আমরা ঐক্যবদ্ধভাবে চলমান সঙ্কট মোকাবেলা করি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সঙ্কটময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে গণতন্ত্র ও আইনের শাসন ব্যাহত হবে, অপরাধ প্রবণতাও বেড়ে যাবে।’

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেনন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *