বিডি নিউজ ৬৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানদের কথায় সব চলে। তারা সরকারি নিয়ম কানুনের কোনো ধার ধারেন না। তারা উপাচার্যকে টাকাভুক্ত কর্মচারী ভাবেন। এই সব বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের কোনো মিটিং হয় না। সিন্ডিকেটের মিটিংয়ে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি ওই মিটিংয়ে থাকার কথা থাকলেও তারা ডাকেন না। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বলেন তাই সিদ্ধান্ত। সিন্ডিকেট মিটিংয়ের আগের দিন ফোন দিয়ে বলা হয়, কালকে মিটিং, আপনি কি আসতে পারবেন!
রোববার রাজধানীরি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে আয়োজিত জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই ক্ষোভ জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মনে করে বিদেশের সাদা চামড়ার শিক্ষক নিয়োগ দিলেই বুঝি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং হয়। এদেশে কি শিক্ষকের অভাব?
ইউজিসি চেয়ারম্যান বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। ব্যবস্থা নিতে গেলে তারা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে নিজেদের মতো করে আবার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জঙ্গিবাদকে ‘প্রজন্ম সমস্যা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ৬৩ হাজার ৭৬৩জন শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত এবং অন্যান্যসহ প্রায় ২২ লাখ শিক্ষার্থী রয়েছে। সবমিলিয়ে ৩২ লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জন করছে। শুধু পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সমস্যা তা নয়, জঙ্গিবাদ পুরো প্রজন্মের সমস্যা।
তিনি বলেন, শুধু প্রাইভেট না এমন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। জাতীয় দিবস পালন করা হয় না। জাতীয় সঙ্গীত, জাতীয় দিবসের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় না থাকার কারণে তাদের মধ্যে জাতীয়বোধও তৈরি হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আরো উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক , ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসেসিয়েশনের সভাপতি শেখ করিব হোসেন, প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল