২০ বছর পর পাকিস্তানের লর্ডস জয়

বিডি নিউজ ৬৪: লর্ডস টেস্ট শুরুর আগে গোটা পাকিস্তান দলকে নিয়ে যা কথা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে মোহাম্মদ আমিরকে নিয়ে। ২০১০ সালে ক্রিকেটের মক্কায় স্পট ফিক্সিং কেলেংকারির সঙ্গে জড়িয়ে পাকিস্তানের ক্রিকেটকেই কলংকিত করেছিলেন। সেই ঘটনার ছয় বছর পর আবার ইংল্যান্ড সফরেই আমিরের টেস্টে প্রত্যাবর্তন হলো। কেমন হবে আমিরের টেস্টে ফেরা বা ইংলিশরাই তাকে কিভাবে স্বাগত জানাবেন টেস্ট শুরুর আগে থেকেই এসব ফলাও প্রচার করে আসছিল ইংলিশ গণমাধ্যম।

আমির প্রত্যাবর্তন টেস্টে হয়তো খুব একটা আলো ছড়াতে পারেননি। কিন্তু তার সতীর্থরা পাকিস্তানকে ৭৫ রানের মহাগুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন। এরআগে পাকিস্তান লর্ডসে টেস্ট জিতেছিল সেই ১৯৯৬ সালে। আমিরও টেস্ট ক্রিকেটে ফিরেই জয় দেখলেন। কোচ মিকি আর্থার ও নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক দায়িত্ব নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে সাফল্য এনে দিলেন। এক কথায় পাকিস্তান যেন লর্ডসই জিতে নিলো।

পাকিস্তানের জয়ে বড় অবদান রেখেছেন ক্রিকেটের মেসি ইয়াসির শাহ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংল্যান্ডের ইনিংস। ২৮৩ রানের লক্ষ্যে তাড়া করতে নামা ইংলিশরা গুটিয়ে গেছে ২০৭ রানে। মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান জেমস ভিন্স (৪২), গ্যারি ব্যালান্স (৪৩) ও জনি বেয়ারস্টো ১৪৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে চেষ্টা করেছিলেন। এছাড়া বাকিদের কেউই পাকিস্তানী বোলারদের সামলাতে পারেননি।

প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া ইয়াসির দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। লর্ডসে এটাই কোন পাকিস্তানীর সেরা বোলিং। ইয়াসিরের  আগে এই রেকর্ড ছিল ওয়াকার ইউনিসের। তিনি ৮ উইকেট পেয়েছিলেন। অবশ্য পাকিস্তানের হয়ে আসল কাজটা করে দিয়েছেন রাহাত আলী। তিনি টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক (৮), অ্যালেক্স হেলস (১৬) ও জো রুটের (৯) উইকেট তুলে নেন। ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আমির।

এরআগে ৮ উইকেটে ২১৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান মাত্র ১ রান যোগ করে অলআউট হয়। সর্বোচ্চ ৪৯ রান করেন আসাদ শফিক। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া ক্রিস ওকস দ্বিতীয় ইনিংসে ৩২ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। স্টুয়ার্ট ব্রড ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪৯ রানে ২ উইকেট পেয়েছেন মঈন আলী। দুই ইনিংসে অসাধারণ বোলিং নৈপুণ্যের পুরস্কার ম্যাচসেরা হয়ে পেয়েছেন ইয়াসির শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *