বিডি নিউজ ৬৪: বাংলাদেশ রেলওয়ের অবৈধ দখলভুক্ত মোট ভূমির পরিমাণ প্রায় ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর। এর মধ্যে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবৈধ দখলভুক্ত ভূমির পরিমাণ ৩ হাজার ৪৬৯ দশমিক ৫ একর।
রোববার (১৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের হাজেরা খাতুনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
মন্ত্রী বলেন, ‘নীতিমালায় আছে রেলওয়ের জায়গায় হাসপাতাল, শপিংমল নির্মাণ করা। সে অনুযায়ী পর্যায়ক্রমে কাজ করে যাবো।’
তিনি আরো জানান, বাংলাদেশ রেলওয়ের অবৈধ দখলভুক্ত ভূমি উচ্ছেদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলভুক্ত ভূমির পরিমাণ ৯শ’ ২২ দশমিক ৩৪ একর।
তিনি জানান, অবৈধ দখলভুক্ত রেলভূমি দখলমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ কর্তৃক স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়ে নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গত জুলাই, ২০১৫ হতে এপ্রিল ২০১৬ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের উভয় অঞ্চলে মোট ১ হাজার ৬৬ একর রেলভূমি উচ্ছেদের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত রেলভূমি সুরক্ষার জন্য বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রায় ৫ দশমিক ৫৬৪ কি. মি. ফেন্সিং নির্মাণ করা হয়েছে। উদ্ধারকৃত ভূমিতে ৯ হাজারটি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বিভিন্ন প্রজাতির ২৩ হাজার ১৭৭টি শোভা বর্ধনকারী ফুলের চারা রোপন করা হয়েছে। একইভাবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে প্রায় শূন্য দশমিক ৭০২ কি. মি. রেল ফেন্সিং নির্মাণ বা স্থাপন করা হয়েছে এবং উদ্ধারকৃত জমিতে ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।’
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘জনস্বাস্থ্যে রেল ভূমিতে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।’ জনস্বাস্থ্যে রাজবাড়ীতে অডিটোরিয়াম করার বিষয়টি যাচাই-বাছাই করে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও মন্ত্রী জানান।
নারায়ণগঞ্জ-১ আসনের সংস সদস্য শামীম ওসমান রেলমন্ত্রীর কাছে জানতে চান, কবে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনটি সংস্কার করা হবে? কিংবা আদৌ করা হবে কি না? জবাবে মুজিবুল হক বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ রেললাইন। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে ডাবল লাইনে উন্নীতকরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে লাইনটি নির্মাণে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই ট্রেন্ডার আহ্বান করা হবে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল