বিডি নিউজ ৬৪: শুধু টেলিভিশন সাংবাদিকদের নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন করায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ওপর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় দৈনিক ও অনলাইন সাংবাদিকরা। তারা বলছে, চেহারা দেখাতেই টেলিভিশন সাংবাদিকদের নিয়ে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১৭ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শুধু টেলিভিশন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
সংবাদ সম্মেলনের খবর পেয়ে এই বিটের নিয়মিত সংবাদকর্মীরা এতে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সংবাদ সম্মেলনে টিভি সাংবাদিকদের বাইরে কোনো সংবাদকর্মী প্রবেশ করতে দেয়া হয়নি। খোদ পরিকল্পনামন্ত্রীর নির্দেশে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকার বলেন, ‘এই আচরণ বৈষম্যমূলক। স্বাধীন সাংবাদিকতায় এটা এক ধরনের হতাশাব্যঞ্জক আচরণ। মন্ত্রী কিছু সাংবাদিককে ডাকবেন আর কাউকে ডাকবেন না এটা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে আমরা এমনটি আর দেখতে চাই না।’
বিডিনিউজ২৪ডটকমের প্রতিবেদক জাফর আহমেদ বলেন, ‘আমরা যারা নিয়মিত এই বিট কভার করি তাদের বাদ দিয়ে শুধু টিভি সাংবাদিকদের নিয়ে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করায় আমরা বিস্মিত। এ ঘটনায় আমরা ক্ষুব্ধ।’
সমকালের প্রতিবেদক খান এ মামুন বলেন, ‘এই ঘটনায় আমি চরমভাবে ক্ষুব্ধ, ব্যথিত ও দুঃখিত। পরিকল্পনামন্ত্রী সব সময় সাংবাদিকবাদ্ধব বলে জানতাম। কিন্তু তার এই আচরণে আমি চরমভাবে হতাশ হয়েছি।’
মানবকণ্ঠের প্রতিবেদক জাহাঙ্গীর আলম বলেন, ‘মন্ত্রীর চেহারা দেখাতে পারব না বলেই হয়তো সংবাদ সম্মেলনে আমাদের রাখা হয়নি। এটা ঠিক না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
উল্লেখ্য, সম্প্রতি জঙ্গী হামলা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি ও উন্নয়ন সহযোগীদের মনোভাব নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুস্তফা কামাল। এর আগে এডিপি সংক্রান্ত রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু টিভি মিডিয়া সেভাবে কভারেজ পায়নি বলে মনে করেন পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। তাই টিভি মিডিয়াতে কভারেজ পেতেই পরিকল্পনামন্ত্রীর এই বিশেষ সংবাদ সম্মেলন।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন বলেন, ‘পরিকল্পনামন্ত্রীর নির্দেশানুসারে দেশের সিলেকটিভ কয়েকটি টিভি সাংবাদিকদের ডেকেছি। এখানে বিটিভিও ছিল।’
বিষয়টি বৈষম্যমূলক কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বৈষমের কোনো বিষয় না। এডিপি সংক্রান্ত রিপোর্ট পত্রিকা ও অনলাইনে চলে এসেছে। তাই তাদের ডাকা হয়নি। তবে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি কাজ করেছি। এখানে আমার করার কিছু ছিল না।’
এদিকে বিষয়টি কোনভাবেই মেনে নেয়া যায় না বলে জানিয়েছে উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)।
সংগঠনের সভাপতি ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জৈষ্ঠ প্রতিবেদক হুমায়ুন কবির বলেন, ‘এই বিট কভার করার জন্য পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা একান্ত জরুরি। আমরা সব সময়ই মন্ত্রীর কর্মসূচি কভার করে আসছি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড জাতিকে অবহিত করে আসছি। টিভি অনলাইন ও দৈনিক সবাই মিলেমিশেই একসাথে কাজ করে আসছি। কিন্ত এক অংশের জন্য বিশেষ সংবাদ সম্মেলন চরম হতাশাজনক ও বৈষম্যমূলক।’
ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক আচরণ না করার জন্য পরিকল্পনামন্ত্রীর প্রতি আহ্বান জানান বিভিন্ন দৈনিক ও অনলাইনের সাংবাদিকরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল